ফেসবুক মন্তব্য

পিআইও অফিসের কার্যসহকারীকে তাৎক্ষণিক বদলি

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী সমর সাহাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে নিজের ফেসবুক আইডি থেকে সমর সাহা মন্তব্য করেন, ‘দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?’ মন্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একজন সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুর মামুন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর সমর সাহাকে মাধবপুর উপজেলা থেকে বাগেরহাটের মংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানও বলেন, তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

তবে এ ঘটনা কার্যসহকারী সমর সাহার মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত