ট্রাম্পের যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৩

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:৩৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ৯ মে থেকে এই যুদ্ধবিরতি শুরু হলেও দিনিপ্রোপেত্রোভস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলে প্রাণহানির খবর পাওয়া গেছে।

খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গত ৯ মে ‘নেজলামনে’ গ্রামে রুশ ড্রোন হামলায় ৫৮ বছর বয়সী এক নারী নিহত হন। গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন জানান, ওই নারী রাস্তা দিয়ে হাঁটার সময় হামলার শিকার হন। এ ছাড়া শনিবার সকাল থেকে চলা ড্রোন ও কামানের গোলার আঘাতে এক শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।

জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কামানের গোলা ও ড্রোন হামলায় সেখানে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। অন্যদিকে, দিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর ওলেক্সান্ডার হানজা জানান, মেঝিভস্কা এলাকায় ৪৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং আজ রবিবারও সেখানে এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খারকিভ অঞ্চলে ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ। তবে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়ার ছোড়া ২৭টি দূরপাল্লার ড্রোনের সবকটিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সম্মুখ সমরে ১৪৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা অভিযোগ করে জানিয়েছে, ইউক্রেন অন্তত ১ হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। মস্কোর দাবি, কিয়েভ রাশিয়ার বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তু ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করেছে। রুশ বাহিনী ৫৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করে জানিয়েছে, ইউক্রেনের হামলার জবাবে তারাও পাল্টা ব্যবস্থা নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত