ইরানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে মার্কিন গণমাধ্যম

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ইরানের প্রস্তাবিত নথি সংক্রান্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে একটি অবগত সূত্র। 

রবিবার (১০ মে) ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র দাবি করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে ইরানের প্রস্তাবিত খসড়ার যেসব তথ্য মার্কিন গণমাধ্যমটি প্রকাশ করেছে, তার গুরুত্বপূর্ণ অংশ বাস্তবতার সঙ্গে মিল নেই। বিশেষ করে পারমাণবিক উপকরণ সংক্রান্ত যে বিষয়গুলো ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, সেগুলো সঠিক নয় বলেও মন্তব্য করেন সূত্রটি।

সূত্রের ভাষ্য অনুযায়ী, ইরানের প্রস্তাবিত নথিতে অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হবে না—এমন নিশ্চয়তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি একটি রাজনৈতিক সমঝোতার কাঠামোর মধ্যে আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব ফ্রন্টে যুদ্ধের অবসান এবং নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি পূরণ হলে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার বিষয়টিও প্রস্তাবে গুরুত্ব পেয়েছে বলে জানায় সূত্রটি।

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রাথমিক সমঝোতা সইয়ের সঙ্গে সঙ্গেই তুলে নেওয়ার দাবিও তেহরানের অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরানি তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এর নিষেধাজ্ঞাগুলো ৩০ দিনের মধ্যে বাতিল করার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলা হয়েছে।

সূত্রটি আরও জানায়, প্রাথমিক সমঝোতার পর ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং একই ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ও ইরানের প্রস্তাবিত নথিতে অন্তর্ভুক্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত