চন্দনাইশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

আপডেট : ১১ মে ২০২৬, ০৯:১৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

চন্দনাইশ ফারিয়ার সভাপতি মো. আরিফ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়ার সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, জুয়েল রানা ও ইমরান হোসেন। 

এছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চললেও কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবহেলা, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হতে হচ্ছে। চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেই তুলনায় তারা ন্যায্য মর্যাদা পান না।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাদার কর্মী। অথচ বিভিন্ন স্থানে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মানজনক আচরণ এবং পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত