ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (১১ মে) রাতে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক (৪৮), পৌর শহরের নতুনবাজার এলাকার মৃত ফজলুর রহমানের পুত্র হাবিবুর রহমান সেন্টু (৪৪) ও মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র জজ মিয়া (৪০)।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার (১২ মে) গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) সাজ্জাদ রমন জানান, হাবিবুর রহমান সেন্টুর বিরুদ্ধে এছাড়াও ১টি ও জজ মিয়ার বিরুদ্ধে আরও ৯টি মামলা রয়েছে।
এদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পাটগুদাম নিউ কলোনী এলাকা থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ গোপাল সরকারের স্ত্রী গুলু রাণী সরকারকে (৪০), আকুয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ চুকাইতলার আতাউর রহমানের পুত্র হৃদয় মিয়াকে (২৮) ও আকুয়া উত্তরপাড়ার রফিকুল ইসলামের পুত্র রাব্বী মিয়াকে (২৪) গ্রেফতার করেছে।
