পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার (১৩ মে) থেকে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রার প্রথম দিনে পশ্চিমাঞ্চল রুটে সকাল ৮টা থেকে অনলাইনে প্রথম আধঘণ্টায়, অর্থাৎ সকাল সাড়ে ৮টা পর্যন্ত টিকিট কাটতে প্রায় ৬০ লাখ হিট পড়ে।
বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ের তথ্য বলছে, আজ ১৩ মে বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মে যাত্রার টিকিট। এবার ঈদ উপলক্ষে পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট ৪৩টি ট্রেনের আসন রয়েছে ৩১ হাজার ২৪০টি। এর মধ্যে পূর্বাঞ্চলে ১৫ হাজার ৯৭৪টি এবং পশ্চিমাঞ্চলে ১৫ হাজার ২৬৬টি আসন রয়েছে।
বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইট ঘেটে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটের ৫টি ট্রেনের সবকটি আসন, ঢাকা-পঞ্চগড় রুটের ৩টি ট্রেনের সবকটি আসন, ঢাকা-কুড়িগ্রাম রুটের ২টি ট্রেনের সবকটি আসন, ঢাকা-দিনাজপুর রুটের ৩টি ট্রেনের সবকটি আসন এবং ঢাকা-খুলনা রুটের সবকটি আসন বিক্রি হয়ে গেছে।
এদিকে, আজ দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট, আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।
