তরুণদের দক্ষ করে তুললে বিশ্বে এগিয়ে যাবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৩ মে ২০২৬, ০১:১৪ পিএম

দেশের বিশাল মানবসম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। 

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর তরুণ সমাজ ও মানবসম্পদ। এই সম্পদকে যথাযথভাবে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন অপরিহার্য। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, 'শিক্ষা ছাড়া কোনো জাতিকে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়া বা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। তাই মানসম্মত ও আধুনিক শিক্ষা ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়।'

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে এই ধরনের উদ্যোগকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এসব প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত