কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি নসিমন (ভটভটি) দুমড়ে-মুচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৩ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী গোমকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রেনটি প্রায় আধা ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ১১টা ২৭ মিনিটে হাসানপুর স্টেশন অতিক্রম করে গোমকোট বাজারসংলগ্ন আলিয়ারা-ডিপজল সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর একটি নসিমন আটকে ছিল। ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দিলে সেটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এতে নসিমনটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর ট্রেনটি কিছু সময় সেখানে অবস্থান করে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বলেন, আলিয়ারা-ডিপজল সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু সেখানে কোনো রেলক্রসিং বা নিরাপত্তাব্যবস্থা নেই। অতীতে একাধিক দুর্ঘটনা ঘটলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত সেখানে রেলক্রসিং স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, গোমকোট এলাকায় ট্রেনটি একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
