যৌতুক মামলায় কনটেন্ট ক্রিয়েটর রাহীর জামিন

আপডেট : ১৩ মে ২০২৬, ০২:২৬ পিএম

স্ত্রীর করা ৫০ লাখ টাকা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। আজ বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পাঁচ শ টাকা মুচলেকায় এ জামিনের আদেশ দেন। মামলার পর আজ আদালতে হাজির হন রাহী। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের আপসের শর্তে পাঁচ শ টাকা মুচলেকায় তাকে জামিন দেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের আগস্টের ৭ তারিখে ৩০ লাখ টাকা দেনমোহর ধার্যে ফাহিমা ও তানভীরের বিয়ে হয়। 

বিয়ের কিছুদিন পর থেকেই আসামি তানভীর একটি 'Corolla Cross' গাড়ি কেনার জন্য তার স্ত্রী ফাহিমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। পরবর্তীতে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে ৫০ লাখ টাকা যৌতুকের জন্য ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাৎক্ষণিক ৯৯৯-এ কল করলে পুলিশের পরামর্শে ২৭ তারিখ লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

গত মার্চের ১ তারিখ রাত ৮টার দিকে আজিমপুর নিউ পল্টন লাইনে ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে আসামি পুনরায় ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি ভুক্তভোগীকে তালাক দেওয়ার হুমকি দেন এবং তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখান, যেন ভুক্তভোগী লোকলজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হন। পরবর্তীতে ওই ঘটনায় ভুক্তভোগী আদালতে যৌতুক আইনে একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত