নতুন মামলাতেও গ্রেপ্তার কারাগারে থাকা প্রিন্স মামুন

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

এবার আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাতেও কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আত্মহত্যার চেষ্টা মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে জামিনের আবেদন শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তার জামিন নামঞ্জুর করেন।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ চৌধুরী রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (২৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান ঢাকার আদালতে প্রিন্স মামুনকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ জুলাই দিবাগত রাতে রাজধানীর ভাটারার বাসায় অবস্থানকালে প্রিন্স মামুন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনার ব্যবহৃত একটি শাড়ি সিলিং ফ্যানের সঙ্গে বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তিনি ওই ঘটনার জন্য স্ত্রী ও তার পরিবারের সদস্যদের দায়ী করে বক্তব্য দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

লাইভটি দেখে মোহনা, তার মা, স্বজন এবং মামুনের বাবা-মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে ভাটারা থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে পৃথক মামলা দায়ের করেন। 

এর আগে একই দিন সকালে এক কোটি টাকা যৌতুক দাবি এবং যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রিন্স মামুনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন মোহনা। বর্তমানে কারাগারে রয়েছেন প্রিন্স মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত