চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী।
শুক্রবার (১৫ মে) উপজেলার মক্কা পেট্রল পাম্প সংলগ্ন মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদের হাতে আনুগত্যের পত্র দেন তারা।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন-উপজেলা এলডিপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও পদধারী প্রায় দুই শতাধিক নেতা এবং তাদের সহস্রাধিক কর্মী-সমর্থক।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, চন্দনাইশ পৌর যুবদল আহ্বায়ক আজম খান, সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন ও সচিব মো. মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, আজ বিভিন্ন ইউনিটের প্রায় ৮০ শতাংশ নেতাকর্মী যোগ দেওয়ায় এলডিপি কার্যত বিলুপ্তির পথে। নবাগতদের মধ্যে পদধারী নেতা আছেন দুই শতাধিক, আর কর্মী-সমর্থক আছেন সহস্রাধিক। তিনি যোগদানকারী সব নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
