সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় আত্মরক্ষার প্রস্তুতি কিউবার

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:১০ এএম

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের আশঙ্কায় আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছে কিউবা। ওয়াশিংটনে নিযুক্ত কিউবার শীর্ষ কূটনীতিক লিয়ানিস তোরেস রিভেরা বলেছেন, যেকোনো পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হিল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছি। তবে এটি কোনো আক্রমণাত্মক প্রস্তুতি নয়। যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বা জনগণের বিরুদ্ধে প্রথমে কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা আমাদের নেই।' 

তিনি সতর্ক করে বলেন, কিউবায় কোনো সামরিক অভিযান হলে তা ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ তৈরি করতে পারে। 'আমরা চাই না কিউবায় কিউবানদের মৃত্যু হোক, কিংবা কোনো মার্কিন সেনাও প্রাণ হারাক,' বলেন তিনি।

মার্কিন অবরোধের কারণে বর্তমানে কিউবা ভয়াবহ জ্বালানি সংকট ও দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে। দেশটির অর্থনৈতিক পরিস্থিতিও দিন দিন আরও নাজুক হয়ে উঠছে।

লিয়ানিস তোরেস রিভেরা বলেন, কিউবার 'সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার' কোনোভাবেই আলোচনার বিষয় নয়। একইসঙ্গে তিনি দাবি করেন, কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়।

তার ভাষায়, 'আমরা ছোট একটি দ্বীপ রাষ্ট্র। আমরা শুধু চাই, কিউবার মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করার সুযোগ পাক।'

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর কিউবার জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। কারণ, ভেনেজুয়েলা ছিল কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ। এর পাশাপাশি কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়েছে ওয়াশিংটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত