১৫০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:১২ পিএম

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি কিউবার উত্তর-পশ্চিম উপকূলের কাছে আঘাত হেনেছে বলে জানিয়েছে সরকারি সূত্র। এই ভূমিকম্পে কিউবা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অংশেও কম্পন অনুভূত হয়, যেসব অঞ্চল সাধারণত ভূমিকম্পপ্রবণ নয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবারের (৮ জুন) ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তোয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১০৪ কিলোমিটার দূরে। এটি রাজধানী হাভানা থেকে প্রায় দুই থেকে চার ঘণ্টার গাড়ি পথ দূরে।

ইউএসজিএস-এর ভূকম্পবিদ পল আর্লের মতে, ক্যারিবীয় অঞ্চলের এই অংশে ভূমিকম্পটি ছিল অস্বাভাবিক। তিনি বলেন, সাধারণত এ ধরনের ভূমিকম্প টেকটোনিক প্লেটের সীমানায় ঘটে, কিন্তু এটি ঘটেছে প্লেটের অভ্যন্তরে, যেখানে কম্পন তুলনামূলকভাবে কম এবং ছড়িয়ে-ছিটিয়ে হয়।

তিনি আরও জানান, এর আগে ১৮৮০ সালের পর থেকে এই ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩২২ কিলোমিটারের মধ্যে ৬ মাত্রার সমতুল্য শক্তিশালী কোনো ভূমিকম্প রেকর্ড করা হয়নি।

এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিউবায় এটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে দেশটির বহু ভবন নাজুক অবস্থায় রয়েছে। পাশাপাশি চলমান ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

ইউএসজিএস জানিয়েছে, ফ্লোরিডাতেও এই কম্পন অনুভূত হয়েছে। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের জনপ্রিয় পর্যটন শহর ক্যানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায়। ক্যানকুনের শহরকেন্দ্রে ভূমিকম্পে অভ্যস্ত না থাকা অনেক বাসিন্দা ও কর্মী ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

মেক্সিকোর ইউকাতান ও কুইন্টানা রু রাজ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রটোকল সক্রিয় করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজ্যগুলোর গভর্নররা।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বা নজরদারি জারি করা হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত