ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘পাকিস্তান ভূগোলে নাকি ইতিহাসে থাকবে’—এমন হুঁশিয়ারি দেওয়ার পর এর কড়া জবাব দিয়েছে ইসলামাবাদ।
রবিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
আইএসপিআর জানায়, পাকিস্তান পারমণিবক শক্তিধর একটি দেশ, বৈশ্বিক পর্যায়ে প্রভাবশালী রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোলের এক অবিচ্ছেদ্য অংশ।
পাকিস্তানকে নিশানা করার কোনো চেষ্টা চললে এর পরিণতি কেবল ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে।
এর আগে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শনিবার নয়াদিল্লিতে আয়োজিত এক আলোচনা সভায় পাকিস্তানকে কঠোর সামরিক হুঁশিয়ারি দেন।
তিনি বলেছিলেন, পাকিস্তান অবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা চালানো বন্ধ না করলে তারা ভবিষ্যতে বিশ্বের ভূগোলে (মানচিত্র) থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে সে বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।
দিল্লির ওই আলোচনা সভায় উপন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল, গত বছর যে পরিস্থিতির কারণে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত,তা আবার ঘটলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এর জবাবেই উপেন্দ্র ওই কথা বলেন।
ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যের পরদিনই পাকিস্তানের পক্ষ থেকে ওই ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে ভারতকে স্পষ্ট করে বলা হয়েছে যে, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, উগ্র-জাতীয়তাবাদী এবং সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধ ও সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হওয়ার পরও ভারতের নেতৃত্ব পাকিস্তানের মূল ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং ইতিহাস থেকে শিক্ষাও নেয়নি।
আইএসপিআর এর বিবৃতিতে আরও বলা হয়, সার্বভৌম একটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা আসলে কাণ্ডজ্ঞানহীনতা, পাগলামি এবং যুদ্ধংদেহী মনোভাব।
পাকিস্তান মনে করিয়ে দিয়েছে, কোনও সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে সমমানের এবং ব্যাপক। এই ধ্বংসযজ্ঞ একতরফা হবে না, তা দু’দেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা অঞ্চলের জন্য ডেকে আনবে বিপর্যয়।
পাকিস্তান আরও অভিযোগ করে, ভারত দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি, সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা এবং আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচারের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
চামড়া শিল্পের সম্ভাবনাকে ব্যর্থ হতে দেব না