ভোলার বোরহানউদ্দিনে বসতঘরের পেছনে গাঁজা চাষের অভিযোগে সহোদর দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে চারটি গাঁজা গাছ জব্দ করা হয়। সোমবার (১৮ মে) জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
আটকরা হলেন উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা মো. সুমন (৩০) ও মো. নোমান (২২)।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদার জানান, রবিবার (১৭ মে) দিবাগত রাতে নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন খবর পেয়ে পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বকশি বাড়িতে অভিযান চালিয়ে সুমন ও নোমানের বসতঘরের পেছন থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে দুই ভাইকে আটক করে পুলিশ।
এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
