নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ গ্রাম গাঁজাবহনের অভিযোগে পুলিশের দুই সোর্সকে ধরে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উপজেলার রামচন্দ্রী এলাকা থেকে বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে তাদের ধরা হয়।
তারা হলেন মামুন (৩০) ও সানিকুল (১৯)।
স্থানীয়দের দাবি, তারা দুইজনই আড়াইহাজার থানার সিনিয়র উপপরিদর্শকের (এসআই) জহিরুল ইসলামের‘সোর্স’ হিসেবে কাজ করতেন। তাদের মাধ্যমে নিরীহ মানুষকে মাদক মামলায় ফাঁসানো ও হয়রানির অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে রামচন্দ্রী এলাকায় হাজী ইজ্জত আলীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে দুই যুবককে ৫০ গ্রাম গাঁজাসহ হাতনাতে ধরে ফেলে এলাকাবাসী। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল। পরে খবর পেয়ে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিজেদের হেফাজতে নেন। এ ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে রহস্যজনক কারণে রাতেই মোটরসাইকেলটি ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে এসআই জহিরুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এই ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
