বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেয়ায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার(১৮ মে) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে প্রেরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের নির্দেশ এবং চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিতে সংসদ ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ। সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক, স্বাধীনতা যুদ্ধের বিরোধী দল জামায়াতে ইসলামীতে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের যোগদানের বিষয়টি প্রমাণিত হওয়ায়, সভায় সর্বসম্মতিক্রমে তাকে মতলব দক্ষিণ উপজেলা সংসদের আহ্বায়কের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তটি ইতোমধ্যে কেন্দ্রীয় কাউন্সিলকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য যে তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।গত শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি। এসময় তিনি সহযোগী সদস্যের ফরম পূরণ করেন।
