বাবা-মায়ের পাশে শায়িত মিজানুর রহমান সিনহা

আপডেট : ১৯ মে ২০২৬, ০৩:০৯ এএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কলমা ইউনিয়নে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। কলমা লক্ষ্মীকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গতকাল সোমবার বাদ আসর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা গত শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। রবিবার ভোর রাতে তার মরদেহ দেশে এসে পৌঁছে। ওই দিন বেলা ১১টায় তার প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। ওই দিন ধামরাই ও ঢাকার শ্যামলী ক্লাব মাঠে আরও দুটি জানাজা হয়। গতকাল সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪র্থ ও দুপুর ১২টায় লৌহজংয়ে মালির অংক মাঠে পঞ্চম নামাজ অনুষ্ঠিত হয়। সর্বশেষ বাদ আসর কলমা লক্ষ্মীকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ষষ্ঠ জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে চিরশায়িত করা হয়।

মিজানুর রহমানের মৃত্যুতে এলাকার জনগণ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে এক নজর দেখতে ছুটে আসেন তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত