মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫’ পেয়েছেন তিন সাংবাদিক। প্রিন্ট ও অনলাইন বিভাগে ডেইলি স্টারের প্রতিবেদক আহমাদ ইশতিয়াক এবং ইলেকট্রনিক মিডিয়া বিভাগে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ রেজা ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সনজয় এ পদক পেয়েছেন।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। সভাপতিত্ব করেন পুরস্কারের জুরি বোর্ডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। প্রিন্ট মিডিয়ায় পদক বিজয়ীর নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করেন বজলুর রহমান স্মৃতিপদক জুরি বোর্ডের সদস্য মোজাম্মেল হোসেন মঞ্জু। ইলেকট্রনিক মিডিয়ায় পদক বিজয়ীদের নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করেন জুরি বোর্ডের আরেক সদস্য সোহরাব হাসান। সমাপনী বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক।
দৈনিক সংবাদের সম্পাদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংবাদিক বজলুর রহমানের স্মরণে ২০০৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। বজলুর রহমান ২০০৮ সালে মারা যান। তারপর তার স্ত্রী ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর উদ্যোগে এই পদক প্রবর্তন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য এ পদক দেওয়া হচ্ছে। এর আর্থিক মূল্য এক লাখ টাকা, সঙ্গে একটি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
