ভিসির নিয়োগ বাতিলের দাবিতে অনড় শিক্ষার্থীরা

আপডেট : ১৯ মে ২০২৬, ০৮:১১ এএম

নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিলের দাবিতে গতকাল সোমবারও বিক্ষোভ এবং ব্লকেড কর্মসূচি পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শিক্ষার্থীদের একটি অংশ। এর আগে গত রবিবার রাতে শিক্ষার্থীরা এক ভিডিও বার্তায় নতুন ভিসির নিয়োগ বাতিলের দাবিতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। গতকাল সকাল থেকেই বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রধান ফটকের সামনে অবস্থান নেন। ভিসির নিয়োগ বাতিলের দাবিতে তাদের সেøাগানে সেøাগানে উত্তাল হয়ে ওঠে পুরো ডুয়েট ক্যাম্পাস। পরে দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করে ডুয়েট শাখা ছাত্রদল। এদিকে রবিবার সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যোগ্য কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানিয়ে শিক্ষার্থী মাহাতাব উদ্দিন বলেন, ‘অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখবে শিক্ষার্থীরা।’

এদিকে সার্বিক বিষয়ে জানতে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘রবিবার শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে গেটের বাইরে থাকা পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাধারণ ছাত্রসহ ১৪-১৫ জন আহত হন। এ ব্যাপারে থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করছে পুলিশ।’

উল্লেখ্য, গত রবিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসের প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের অবরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে কার্যালয়ে যেতে পারেননি। ওই সময় ভিসির প্রবেশকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত