নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে একটি সফল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এই বিশেষ অভিযানে আইএসের হয়ে কাজ করা বেশ কয়েকজন ইরাকি প্রশিক্ষক নিহত হয়েছেন। সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাতে গত বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, নিহত ইরাকি প্রশিক্ষকরা নাইজেরিয়ায় সক্রিয় আইএস সদস্যদের বিভিন্ন ধরণের সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি এমন এক সময়ে চালানো হয়, যখন ওই ইরাকি প্রশিক্ষকরা আগামী দুই দিনের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে তার আগেই যৌথ বাহিনীর তৎপরতায় তাদের সেই পরিকল্পনা নসাৎ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করা হয়েছে। ধারাবাহিক এই সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত আইএসের অন্তত ১৭৫ জন শীর্ষ নেতা ও সাধারণ সদস্য নিহত হয়েছেন, যা চরমপন্থী গোষ্ঠীটির নেটওয়ার্কের জন্য একটি বড় ধাক্কা।
স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর পাশাপাশি এই বিশেষ অভিযানগুলো পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ) সরাসরি সহযোগিতা করেছে। মূলত দ্বিপাক্ষিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমেই এই সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।
