বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: তৈরি হচ্ছে বিশেষ নীতিমালা

আপডেট : ২১ মে ২০২৬, ০৩:২২ পিএম

বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ‘বেসরকারি সার্ভিস রুলস’ প্রণয়নে নতুন একটি বিধিমালা তৈরির কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রস্তাবিত এই বিধিমালার মাধ্যমে বেসরকারি খাতে ন্যূনতম বেতন নির্ধারণ, কর্মঘণ্টা, বিভিন্ন ধরনের ছুটি, নিয়োগপত্র বাধ্যতামূলক করা, চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ বৈষম্য দূর করা, জোরপূর্বক শ্রম বন্ধ, হয়রানি প্রতিরোধ এবং অন্যান্য প্রাপ্য সুবিধার আইনি ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে গত ১০ মে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, চেম্বার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে মতামত চেয়ে ১৫ কর্মদিবস সময় দিয়ে চিঠিও পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রাপ্ত মতামতের ভিত্তিতে ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’ ও ‘বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫’-এ প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন আনার বিষয়টি বিবেচনা করা হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মোস্তফা জামানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত