সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামো বা ৯ম পে-স্কেলের সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের প্রক্রিয়া এগিয়ে গেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কবে থেকে নতুন স্কেলে বেতন দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়।
সরকারের অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন বেতনকাঠামো অনুযায়ী তাদের বেতন পেতে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ৯ম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানে আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এ সময়ের মধ্যে নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে না পারলে আগামী ৪ নভেম্বর রাজধানী ঢাকায় কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘জরুরি সাংগঠনিক আহ্বান’ শীর্ষক এক বিবৃতিতে তিনি বলেন, ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি করা না হলে ৯ম পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং বদলির আদেশ জারির দাবিতে আগামী ৪ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহানগর, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সাংগঠনিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগই আমাদের দাবি আদায়ের শক্তি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা দেশে ৬ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি।
সম্প্রতি শিক্ষা সচিব আবদুল খালেক এক অনুষ্ঠানে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা আদেশের প্রয়োজন নেই।
তবে কোন প্রক্রিয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের সুবিধা দেওয়া হবে তা নিয়ে দ্রুত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ