নরসিংদীতে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ২১ মে ২০২৬, ০৭:২৬ পিএম

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীর পাড়ের বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। 

এ সময় চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চরগোহালবাড়িয়া এলাকায় নদীর পাড়ের বালি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্ত চাঁন মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা পরিশোধ না করায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মো. সজিব মিয়া বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত