রামিসাকে ধর্ষণ-হত্যা

সোহেল রানার স্ত্রীকে আদালতে হাজির

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:৫৭ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার (৭) ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় আদালতে হাজির করা হয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে।

রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বর্তমানে স্বপ্নাকে আদালতের গারদখানায় রাখা হয়েছে। এছাড়া দুপুরের মধ্যেই রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও আদালতে হাজির করা হবে। আলোচিত এ মামলায় রবিবার আদালতে পুলিশের চার্জশিট দেওয়ার কথা রয়েছে।

এদিকে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

এদিকে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (২৩ মে) তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডিএনএ রিপোর্ট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয় প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত গ্রেপ্তার সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত