যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য প্রাথমিক সমঝোতা চূড়ান্ত হলেও হরমুজ প্রণালী আগের যুদ্ধ পূর্ব অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়েছে ইরানের ঘনিষ্ঠ সূত্রগুলো। রবিবার (২৪ মে) প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রণালীর সার্বভৌম নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবেই ইরানের হাতেই থাকবে।
ইরানের তাসনিম নিউজের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য প্রাথমিক সমঝোতা চূড়ান্ত হলে হরমুজ প্রণালীর আইনি বা প্রশাসনিক অবস্থায় কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে শুধু নৌযান চলাচলের পরিমাণে।
সমঝোতা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে বা প্রায় ৩০ দিনের মধ্যে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে যুদ্ধ-পূর্ব স্তরে ফিরিয়ে আনার সুযোগ থাকবে। অর্থাৎ, মূল পরিবর্তন হবে ট্রানজিট ভলিউমে, প্রণালীর নিয়ন্ত্রণে নয়।
এছাড়া সম্ভাব্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইস্যুও অন্তর্ভুক্ত রয়েছে। তথ্য অনুযায়ী, সমঝোতা কার্যকর হলে ৩০ দিনের মধ্যে এই অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে স্পষ্টভাবে বলা হয়েছে, অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে কোনো পরিবর্তনই কার্যকর হবে না।
