আর্থিক সহায়তা পেলেন সেই টুকটুকি

আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:৪৪ পিএম

বাংলাদেশের সাবেক নারী কাবাডি খেলোয়াড় টুকটুকি আক্তার অবশেষে আর্থিক সহায়তা পেয়েছেন। দৈনিক দেশ রূপান্তর-এ তার অসুস্থতা ও আর্থিক সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশের পর রবিবার মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়ান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক। তিনি টুকটুকির চিকিৎসা ও সার্বিক সহায়তার জন্য ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা প্রদান করেন।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগছিলেন টুকটুকি। দেশের কাবাডি অঙ্গনের পরিচিত এই খেলোয়াড়ের দুর্দশার কথা বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন গাজী মোজাম্মেল হক। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় কাবাডি কোচ আবদুল জলিল, আন্তর্জাতিক কাবাডি রেফারি এম এ মান্নান এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন।

ক্রীড়া সংগঠক ও কাবাডি সংশ্লিষ্টরা এই উদ্যোগকে মানবিক ও অনুকরণীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, দেশের অনেক সাবেক খেলোয়াড় নীরবে কষ্টের জীবন কাটান, তাই সমাজের বিত্তবান ও ক্রীড়াপ্রেমীদেরও অসহায় খেলোয়াড়দের পাশে দাঁড়ানো উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত