নেত্রকোনা 

শিয়ালের কামড়ে ১০ জন আহত, পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

নেত্রকোনার পূর্বধলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন— জুনাইদ (৯), সুফিয়া (৫০), নজরুল (৪২), অনিক (৭), নাজমুল (৫), ফাতেমা (৮০), আয়েশা (৬০), আছিয়া (৭০), আব্দুল কুদ্দুছ (৫০) ও নজরুল (৪০)। তাঁরা সবাই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির বারান্দায় থাকা সুজন মিয়ার ছেলে জুনাইদকে (৯) প্রথমে একটি শিয়াল কামড় দেয়। পরে শিয়ালটি গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে চলাচল শুরু করেন।

স্থানীয়রা আরও জানান, বিকেলে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুঁজতে বের হন। পরে গ্রামের পাশের একটি ঝোপে শিয়ালটির সন্ধান মিললে সেটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মৃত শিয়ালটিকে বাঁশে ঝুলিয়ে গ্রামের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন গ্রামবাসী।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত