ঢাকায় আসছেন অনুপম রায়

আপডেট : ২৮ মে ২০২৬, ১১:১৬ এএম

দীর্ঘদিন পর কনসার্ট করতে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক ও সুরকার অনুপম রায়। কলকাতা থেকে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর ম্যানেজার রানা সিং রায় জানিয়েছেন, আগামী ২৬ জুন ঢাকায় পারফর্ম করবেন অনুপম রায়। 

এ বিষয়ে সব আলোচনা ও চুক্তি চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

জানা গেছে, দেশের আয়োজন প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ইতোমধ্যে কনসার্ট আয়োজনের জন্য ব্যান্ডটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। তবে অনুষ্ঠান কোথায় হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের আভাস দিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়েছে, জুন মাসে ঢাকায় অনুপম রায় ও তার ব্যান্ডের অংশগ্রহণে স্মরণীয় একটি আয়োজন হতে যাচ্ছে এবং খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। এছাড়া ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টেও গান শোনান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত