মালদ্বীপ ম্যাচে আক্রমণভাগে নতুন মুখ আনীকা রানিয়া

আপডেট : ২৮ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দলে নতুন দায়িত্ব পেয়েছেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। এতদিন উইঙ্গার হিসেবে খেললেও এবার তাকে স্ট্রাইকার হিসেবে প্রস্তুত করছেন প্রধান কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের গোয়ায় আজ মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে দলের আক্রমণভাগে এটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন আনিকা। সংক্ষিপ্ত ট্রায়ালের পর অস্ট্রেলিয়াগামী দলে জায়গা করে নেন তিনি। সেখানে তিন ম্যাচে মোট ১০৪ মিনিট মাঠে ছিলেন এবং সবগুলো ম্যাচেই উইং পজিশনে খেলেন। তবে গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ক্যাম্পে তাকে স্ট্রাইকার হিসেবে অনুশীলন করতে দেখা গেছে।

বাংলাদেশ দলের আক্রমণভাগে দীর্ঘদিন ধরে ভরসার নাম তহুরা খাতুন। বয়সভিত্তিক ফুটবল থেকে শুরু করে জাতীয় দলেও গোল করার দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে চোট ও অফফর্মের কারণে নিজের সেরা ছন্দে নেই এই ফরোয়ার্ড। একইভাবে তরুণ সাগরিকাও বয়সভিত্তিক পর্যায়ের সাফল্য সিনিয়র দলে ধরে রাখতে পারছেন না। ফলে বিকল্প সমাধান খুঁজতে হচ্ছে কোচিং স্টাফকে।

আনিকাকে নতুন ভূমিকায় খেলানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোচ পিটার বাটলার বলেন, ‘তহুরা বর্তমানে ইনজুরি ও ফর্মহীনতার সঙ্গে লড়ছেন। অন্যদিকে আনিকা তরুণ, শক্তিশালী এবং শারীরিকভাবে বেশ সক্ষম। তাই তাকে সুযোগ দেওয়া হচ্ছে।’ একই সঙ্গে তিনি জানান, একাদশে জায়গা ধরে রাখতে হলে অন্য ফরোয়ার্ডদেরও নিজেদের আরও প্রমাণ করতে হবে।

ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। নতুন দায়িত্বে আনিকা কেমন পারফর্ম করেন, তা দেখার অপেক্ষায় রয়েছে দলের সমর্থকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত