হিজাব বিতর্কে অঙ্কিতা

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

ওপার বাংলার ব্যস্ত টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি স্বামী ভিকি জৈনের সঙ্গে আবু ধাবি সফরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ছুটির নানা মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী, যেখানে কখনও দু’জনকে শহর ঘুরতে দেখা গেছে, আবার কখনও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে একটি বিশেষ ছবি, যেখানে মসজিদ পরিদর্শনের সময় অঙ্কিতাকে হিজাব পরে দেখা যায়। আর সেই ছবিকেই ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 

অঙ্কিতা নিজের পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘আবু ধাবির কিছু ভালোবাসার মুহূর্ত… ঘোরা, হাসি আর স্মৃতি তৈরি করা।’ পোস্টটি প্রকাশ্যে আসার পর অনেক অনুরাগী তাদের সুন্দর মুহূর্তের প্রশংসা করলেও, একাংশ নেটিজেন অভিনেত্রীকে কটাক্ষ করতে শুরু করেন। কেউ প্রশ্ন তোলেন, কেন তিনি হিজাব পরলেন? আবার কেউ তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে মন্তব্য করেন। 

সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি তো একটি সম্মানিত জৈন পরিবারের বউ, তাহলে হিজাব কেন?’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনি এই সংস্কৃতির নন, হিজাব পরা ঠিক নয়।’ এমন নানা মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স। যদিও এই ট্রোলিংয়ের জবাবে এখনও পর্যন্ত সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি অঙ্কিতা বা ভিকি। 

তবে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, কোনো ধর্মীয় স্থানে গেলে সেই জায়গার নিয়ম ও সংস্কৃতিকে সম্মান জানানোই ভদ্রতা। অনেক নেটিজেন লিখেছেন, ‘মসজিদে মাথা ঢেকে যাওয়া সম্মানের অংশ, এতে ভুল কোথায়?” আবার কেউ বলেন, “ভ্রমণ মানে বিভিন্ন সংস্কৃতিকে কাছ থেকে দেখা এবং সম্মান করা।’ 

এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল, সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রতিটি পদক্ষেপ কীভাবে মুহূর্তে বিতর্কের কেন্দ্রে চলে আসে। ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্যেও কখনও কখনও অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত