লালমনিরহাটে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে পৃথকভাবে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক সীমান্ত পার করানোর) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

শুক্রবার (৫ জুন) ভোরে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী বিওপি এলাকা দিয়ে ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর-দীঘলটারী সীমান্ত এলাকা দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত সংশ্লিষ্ট সীমান্ত পয়েন্টগুলোতে অবস্থান নেয়। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিজিবি সীমান্তে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। অনুপ্রবেশের চেষ্টাকারী ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

বিজিবি জানায়, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ব্যক্তিরা আপাতত ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত