কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শুক্রবার (৫ জুন) বিকাল ৪টার দিকে তিনি বালুখালী এলাকার বিভিন্ন ক্যাম্প ও তুরস্কের অর্থায়নে পরিচালিত চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সব প্রকল্প চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান হাকান ফিদান। বিকাল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত অস্থায়ী হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রা ও নানা সমস্যার কথা শোনেন।
পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তুরস্কের পরিচালিত চিকিৎসা ও মানবিক কার্যক্রম ঘুরে দেখে সংশ্লিষ্টদের কাছ থেকে সার্বিক পরিস্থিতির তথ্য নেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমানসহ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব-১৫ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তার সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে তুরস্ক বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে চিকিৎসা, খাদ্য ও বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম। হাকান ফিদানের এই সফর রোহিঙ্গাদের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
