ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবসে তরী বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০৫ জুন ২০২৬, ১১:৩৪ পিএম

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ। সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ বুথ স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

 ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘Inspired by Nature. For Climate. For Our Future’ (প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য)। এ উপলক্ষে শুক্রবার দুপুরে রেলস্টেশনে কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম। আয়োজনে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রঞ্জন চন্দ্র দে।

রেলস্টেশনসহ জনসমাগমস্থলে প্রতিদিন বিপুল প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে থাকে। এসব বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয়ের জন্য হুমকি। এ পরিস্থিতিতে প্লাস্টিক পৃথক সংগ্রহ ও পুনর্ব্যবহারে উৎসাহ দিতে স্টেশনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলনও জরুরি। তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে নদী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে নদী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্লাস্টিকবিরোধী প্রচারণা চালিয়ে আসছে।

পরিবেশবিদদের মতে, দেশে প্রতি বছর বিপুল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যথাযথ ব্যবস্থাপনার অভাবে এর বড় অংশ নদী-খাল ও জলাশয়ে জমে জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। তাই পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং প্লাস্টিক বর্জ্য পৃথক সংগ্রহ ও পুনর্ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিশ্ব পরিবেশ দিবসে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচি। আয়োজকদের প্রত্যাশা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলার অভ্যাস গড়ে উঠলে দূষণ কমার পাশাপাশি সচেতনতাও বাড়বে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার, আব্দুল হেকিম, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, আইএইচআরডিএস সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদরের সংগঠক আরিফ বিল্লাহ আজিজি, রোটারিয়ান আশিকুল আলম, সিএসডব্লিউবি সংগঠক তাছিন আরাফাত তন্ময়, সীমান্ত পাখী সুরক্ষার আহ্বায়ক তোফায়েল আহমেদসহ তরী বাংলাদেশের সদস্য বাচ্চু মিয়া, মো. ইদ্রিস মিয়া, মনির হোসেন, ইয়াসমিন বেগম ও সঞ্চারী মল্লিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত