বিরোধীদলীয় নেতা এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’
গত শুক্র ও শনিবার ঢাকার আল-ফালাহ মিলনায়তনে ‘বাজেট, অর্থনীতি ও জননীতি : সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দলের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত হয় দুই দিনব্যাপী এই কর্মশালা। দলটি জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতিবিষয়ক জ্ঞান ও সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
কর্মশালায় সংরক্ষিত মহিলা আসনসহ সংসদে জামায়াতের প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতি-নির্ধারকগণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তারা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
