দেশের আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।
বৈঠকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রতিনিধি দল আবাসন খাতের জন্য বিশেষ তহবিল গঠন এবং সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ চালুর দাবি জানায়। রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে গৃহঋণ চালু হলে মধ্যবিত্তের আবাসনের সুযোগ বাড়বে।
জবাবে গভর্নর বলেন, কর্মসংস্থান ও অর্থনীতিতে আবাসন খাতের অবদান গুরুত্বপূর্ণ। হাউজিং ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় এর সুদের হার অনেক ক্ষেত্রে অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ কম। তিনি জানান, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন সম্প্রসারণে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বৈঠকে আবাসন খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজলভ্য করতে একসঙ্গে কাজ করার কথা জানান উভয় পক্ষ।
এসময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
