কুড়িগ্রামে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:১৭ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মধ্যরাতে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

রবিবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকায় বিএসএফ কিছু মানুষকে কাঁটাতারের কাছে এনে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয়দের প্রতিরোধে তারা পিছু হটতে বাধ্য হয়।

এর আগে শনিবার রাতেও একই সীমান্তের সুদুরটিলা ক্যাম্প এলাকায় ট্রাকে করে কয়েকজনকে এনে সীমান্তের কাছে রাখার অভিযোগ পাওয়া যায়। ওই সময় বিজিবি সদস্যরা বিষয়টি বুঝতে পেরে অবস্থান নিলে স্থানীয়রাও লাঠিসোটা নিয়ে সীমান্তে জড়ো হন। ফলে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ, ভারতের আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মুসলিম নারী-পুরুষ ও শিশুদের ধরে এনে সীমান্ত এলাকায় জড়ো করা হচ্ছে এবং সুযোগ বুঝে বাংলাদেশে পুশইনের চেষ্টা চলছে।

যাদুরচর ইউনিয়নের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, সীমান্তের আলো নিভিয়ে মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা হলেও বিজিবি ও এলাকাবাসীর শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির খেওয়ারচর বিওপির ল্যান্স নায়েক সুমন আলী বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ হতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত