বিশ্বকাপের মূল মঞ্চে ওড়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। উইঙ্গার মাইকেল অলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফরাসিরা। ঘরের মাঠে ম্যাচটি ফরাসিদের জন্য যেমন এক রাজকীয় বিদায়ী অনুষ্ঠান ছিল, তেমনি এটি ছিল কোচ দিদিয়ের দেশমের জন্য ঘরের মাঠে শেষ ডাগআউট পরিচালনা। দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর এই বিশ্বকাপের পরেই ফরাসি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
লিলের ডেক্যাথলন অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, ওসমানে দেম্বেলে, দেসিরে দুয়ে এবং মাইকেল অলিসকে নিয়ে গড়া এক বিস্ফোরক আক্রমণভাগ মাঠে নামিয়েছিলেন দেশম।
অলিস ম্যাজিকে চূর্ণ উত্তর আয়ারল্যান্ড
ম্যাচের শুরু থেকেই উত্তর আয়ারল্যান্ডের তরুণ রক্ষণভাগকে চেপে ধরে ফ্রান্স। ম্যাচের ৪৩ মিনিটে ওসমানে দেম্বেলের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে নিখুঁত শটে ফ্রান্সকে এগিয়ে নেন বায়ার্ন মিউনিখ তারকা অলিস (১-০)। বিরতির ঠিক পরপরই, ম্যাচের ৪৯ মিনিটে ডান প্রান্ত থেকে আসা একটি ক্রস উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডিবক্সের ভেতর থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি উইঙ্গার (২-০)।
ম্যাচের ৬৪ মিনিটে ফরাসি রক্ষণের অসতর্কতার সুযোগ নিয়ে উত্তর আয়ারল্যান্ডের ২১ বছর বয়সী তরুণ প্যাট্রিক কেলি একটি গোল শোধ করে ফরাসি গ্যালারিকে স্তব্ধ করে দেন (২-১)। তবে ম্যাচের ৭৫ মিনিটে ম্যাচের সেরা গোলটি উপহার দেন অলিস। ডান প্রান্ত থেকে বল কেটে ভেতরে ঢুকে ২০ মিটার দূর থেকে বাঁ পায়ের চোখধাঁধানো কার্লিং শটে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৩-১)। বায়ার্ন মিউনিখের হয়ে এই মৌসুমে ২২ গোল করা অলিস যে আগামী ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের মূল একাদশে থাকছেন, তা একপ্রকার নিশ্চিত।
এই ম্যাচে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে গোল করতে ব্যর্থ হওয়ায় ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর (৫৭ গোল) চেয়ে ১ গোল পিছিয়েই রইলেন (৫৬ গোল)। গ্রুপ ‘আই’-তে ফ্রান্সের বাকি দুই প্রতিপক্ষ হলো নরওয়ে ও ইরাক।
গাকপোর জোড়া পেনাল্টিতে ঘাম ঝরানো জয় ডাচদের
এদিকে নিউইয়র্কে অনুষ্ঠিত অপর এক প্রস্তুতি ম্যাচে উজেবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। ডাচদের জয়ের নায়ক ছিলেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।
খেলার ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন গাকপো (১-০)। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে) ডাচ ডিফেন্ডারদের চরম ভুলে উজবেকিস্তানের ইগর সের্গিয়েভ গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। ম্যাচের শেষভাগে নেদারল্যান্ডস আবারও পেনাল্টি পেলে সেখান থেকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ২১তম গোলটি করে ডাচদের জয় নিশ্চিত করেন গাকপো। আগামী ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
মেসিকে নিয়ে কোনো ‘ঝুঁকি’ নিতে চান না স্কালোনি