টেস্টে হারলেও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিততে চান রাব্বি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন ইয়াসির আলী রাব্বি। জাতীয় দলে ফেরার প্রত্যাশা ছিল তার। সেই অপেক্ষার অবসান হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই ব্যাটসম্যান। রাইজিং স্টার এশিয়া কাপ খেলতে কাতারে ছিলেন তিনি। সেখান থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা ২ ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রাব্বির।

সর্বশেষ ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছেন রাব্বি। এরপর ছন্দ হারিয়ে বাদ পড়েন। সাড়ে ৩ বছর পর আবার ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'অনেক দিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছি, ভালো লাগছে। প্রত্যাশা সব সময়ই ছিল, আমি আবার ওয়ানডে দলে ফিরব, জাতীয় দলে ফিরব। আশা ছিল আবার ফিরে বাংলাদেশকে সেবা করব।'

রাব্বির এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের অভিজ্ঞতা। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন করার পথে ৭ ইনিংসে ১৫২.২০ স্ট্রাইক রেট ও ৬৯ গড়ে ২০৭ রান করেন রাব্বি। এ ছাড়া চলতি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় আগে খেলার অভিজ্ঞতার মূল্যায়নও করেন নির্বাচকেরা। ২০২২ সালে সে দেশে প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন রাব্বি। সেবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

আগের সফরের স্মৃতি এবারও রাব্বিকে অনুপ্রাণিত করছে, 'সর্বশেষ যখন আমরা দক্ষিণ আফ্রিকায় এসেছিলাম, তখন ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলকে সমর্থন করতে পেরেছিলাম। তাই এবারও একটা অনুপ্রেরণা থাকবে, ভালো লাগা কাজ করবে। আগের সেই সাফল্য ধরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।'

তবে এবারের সফরের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির হয়নি। টেস্ট সিরিজে বাজেভাবে হেরে মানসিকভাবে পিছিয়ে পড়েছে দল। সেই হতাশা পেছনে ফেলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোই এখন মূল লক্ষ্য। আর এ ক্ষেত্রে নিজেদের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সকে আত্মবিশ্বাসের জায়গা হিসেবে দেখছেন রাব্বি, 'আসলে যা চলে গেছে, তা চলে গেছে। এখন সামনে ওয়ানডে সিরিজ। আমরা চেষ্টা করব, এই সময়ে দলের সবাই একসঙ্গে থেকে বাংলাদেশকে জেতানোর। আল্লাহর রহমতে আমরা ওয়ানডেতে ভালো খেলছি, ভালো খেলে এসেছি। এটা আমাদের জন্য সব সময়ই একটা বাড়তি সুবিধা। আমাদের দলটাও খুব ভালো। সেভাবেই চেষ্টা থাকবে, যেন ওয়ানডে সিরিজটা জিততে পারি।'

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত