অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল উত্তর আয়ারল্যান্ড

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে ছুরিকাঘাতের এক ঘটনার জেরে অভিবাসনবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। মঙ্গলবার (৯ জুন) শত শত বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বাস, গাড়ি ও ভবনে আগুন দেয়। এ সময় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। 

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে উত্তর বেলফাস্টে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। হামলায় চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি গুরুতর আহত হন।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল সহিংসতার নিন্দা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্ণবাদ, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার কোনো গ্রহণযোগ্যতা নেই।

পুলিশের সহকারী প্রধান কর্মকর্তা রায়ান হেন্ডারসন ঘটনাটিকে ‘গুরুতর সংকট’ হিসেবে উল্লেখ করে জনগণকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। 

পুলিশ প্রধান জন বাউচার বলেন, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের সেপ্টেম্বরে পাঁচ বছরের ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং পরে বেলফাস্টে আশ্রয়ের আবেদন করেন। তার বিরুদ্ধে আগে কোনো নিরাপত্তা-সংক্রান্ত তথ্য বা পুলিশি রেকর্ড ছিল না।

এদিকে, ছুরিকাঘাতের ঘটনার পর অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে আয়ারল্যান্ডের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা হামলার নিন্দা জানিয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত