নাইটক্লাব কেলেঙ্কারিতে স্টোকসকে ছাটাই, রুট আবার ইংল্যান্ডের অধিনায়ক

আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:১০ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য বেন স্টোকসকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। সোমবার ভোরে লন্ডনের একটি নাইটক্লাবে এক অপ্রীতিকর ঘটনায় জড়ানোর পর স্টোকসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জো রুট। মজার ব্যাপার হলো, টেস্ট দলের বর্তমান সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে ডিঙিয়ে রুটের কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। 

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ছিলেন রুট। তবে তার অধীনে খেলা শেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জয় এবং অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে স্টোকসের দলে একজন সিনিয়র ব্যাটার হিসেবেই খেলছিলেন রুট। তবে বুধবার বিকেলে এক নাটকীয় ঘোষণায় তাকে আবারো সাময়িকভাবে নেতৃত্বের হটসিটে ফিরিয়ে আনা হলো।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ১১৫ রানের জয়ের পর, সোমবার গভীর রাতে লন্ডনের একটি নাইটক্লাবে এক মারামারির ঘটনায় জড়ান বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন। এই ঘটনায় সারেসেন্স একাডেমির এক রাগবি খেলোয়াড় জড়িত ছিলেন এবং পরিস্থিতি সামলাতে গিয়ে ইংল্যান্ডের নিরাপত্তা দলের একজন সদস্য গুরুতর আহত হন, যার ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। ইসিবি জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্টোকস ও অ্যাটকিনসনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ভেতরের খবর, স্টোকস বর্তমানে টেস্ট অধিনায়কত্ব এবং সামগ্রিকভাবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। এই বিষয়ে বুধবারই নিজের উপদেষ্টাদের সাথে তার বৈঠকে বসার কথা ছিল। সোমবার ইসিবি জানিয়েছিল যে, দলীয় শৃঙ্খলাভঙ্গের (টিম প্রোটোকল) অভিযোগে তারা স্টোকস ও অ্যাটকিনসনের বিষয়টি ক্রিকেট রেগুলেটরের কাছে হস্তান্তর করেছে।

স্টোকসের কোনো চোটজনিত সমস্যা থাকলে সহ-অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকই হতেন তার অবধারিত বিকল্প। কিন্তু গত বছরের শেষের দিকে ওয়েলিংটনে ব্রুকের নিজেরও একটি নাইটক্লাব বিতর্ক ছিল—যেখানে ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার আগের রাতে নাইটক্লাবে ঢুকতে গিয়ে বাউন্সারের বাধার মুখে পড়েছিলেন তিনি। ফলে এবার কোনো ঝুঁকি না নিয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য রুটের ওপরেই ভরসা রাখল ইসিবি।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রিউ, অলি রবিনসন, জেমি স্মিথ (উইকেটরক্ষক) এবং জশ টাঙ্গ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত