বাংলাদেশ ভালো খেলছে ঠিক, মিরপুরে প্রথম ম্যাচটাও জিতেছে। কিন্তু তাই বলে এমন দৃশ্য! অস্ট্রেলিয়া কি না কোনো রান করার আগেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট।
এমন কিছু হয়তো সুদূর কল্পনাতেও আসেনি বাংলাদেশের সমর্থকদের। আজ মিরপুরে সেটাই ঘটেছে। শুরুটা করেছিলেন তাসকিনই।
আগের ম্যাচে ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে গিয়েছিলেন ম্যাথু শর্ট, বোলার ছিলেন তাসকিন আহমেদও। এবারও বোল্ড হয়েছেন শর্ট, তাসকিনের চতুর্থ বলে।
সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমানও। দ্বিতীয় ওভারে তাঁর প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন কুপার কনোলি।
ওভারের শেষ বলে ম্যাট রেন শও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আম্পায়ার শুরুতে আউট দেননি। কিন্তু বাংলাদেশ রিভিউ নিতেই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন রেন শ।
শূন্য রানে ৩ উইকেট!
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ১০২৪টি ওয়ানডে খেলেছে।এর আগে কেবল দুই বার দলটির দুই ওপেনারই আউট হয়েছিলেন শূণ্যতে। প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্যতে ফিরিয়ে তৃতীয় ঘটনা ঘটাল বাংলাদেশ।
সাইফ বাদ, সৌম্য দলে ফিরলেন
প্রথম ম্যাচের মতো আজকেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। আবার একাদশে ফিরেছেন সৌম্য সরকার, তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান। সর্বশেষ ৩ ম্যাচে তাঁর রান ৮, ০ আর ৫। এছাড়া বাংলাদেশ দলের একাদশে আর পরিবর্তন নেই কোনো।