নেত্রকোনায় পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছে আটকে গেল কিশোরের হাত

আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:৩৮ এএম

নেত্রকোনার আটপাড়া উপজেলায় গাছের মগডাল থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে হাত আটকে যায় জারিফ মিয়া (১১) নামের এক কিশোরের। পরে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান। 

এর আগে গতকাল শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার সোনাজুর গ্রামে এই ঘটনা ঘটে। জারিফ ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জারিফ একটি গাছে উঠে পাখির বাচ্চা ধরার চেষ্টা করছিল। একপর্যায়ে সে গাছের মগডালে উঠে একটি গর্তে হাত ঢোকালে তার হাতটি ভেতরে শক্তভাবে আটকে যায়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় চেষ্টা করেও তার হাত বের করতে ব্যর্থ হয়‌। 

খবর পেয়ে আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় তারা গাছ কেটে ও বিশেষ উপায়ে উদ্ধার অভিযান শুরু করেন। অবশেষে প্রায় পাঁচ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় জারিফকে অক্ষত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেনের দিকনির্দেশনায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার ফাইটার সালেহীন আহম্মদ উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারের পর কিশোর জারিফের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ ৫ ঘণ্টার এই সফল উদ্ধার অভিযানে স্বস্তি ফিরেছে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত