বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি মূলত তরুণ প্রজন্মের হাতেই নিহিত। দেশের ভবিষ্যৎ বিনির্মাণ ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। আমরা আশা করি, এই শক্তিশালী কমিটির মাধ্যমে যুবদল সারাদেশে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে নেতৃত্বে নিয়ে আসা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিশন বাস্তবায়নে যুবদল অত্যন্ত ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে যুবদল সামনের দিকে এগিয়ে যাবে।
বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বাংলাদেশের নেতা ও ডায়নামিক লিডার তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করবে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মে মাসে সড়কে ৬২২, রেলপথে ৩৪ জন নিহত