ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের প্রক্রিয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি মূল্যায়ন শুরু করে।
নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। বিমান বাহিনী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দুর্ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছেন এবং বিমান বাহিনীর কাছ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন। সোভিয়েত আমলে নির্মিত এএন-৩২ ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান পরিবহন বিমান। দুর্গম ও উচ্চ পার্বত্য এলাকায় রসদ পরিবহন, সেনা মোতায়েন এবং বিশেষ অভিযানে বিমানটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন।