কৃষকদলের সম্মেলন

মিরসরাই কৃষকদলের সভাপতি আশরাফ, সম্পাদক সাইফুল

আপডেট : ১৪ জুন ২০২৬, ০২:০৩ এএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনে ভোটগ্রহণ শেষে মো. আশরাফ উদ্দিন সভাপতি এবং সাইফুল ইসলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ জুন) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। পরে বেলা ১টা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য অতীতে নানা চেষ্টা করা হয়েছিল, কিন্তু দলটি দেশের মানুষের সমর্থনে ঐক্যবদ্ধ থেকেছে।’ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাংগঠনিক ভূমিকারও প্রশংসা করেন।

উপজেলা কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম বদরুল সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন সঞ্চালনা করেন।

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, প্রচার সম্পাদক সামসুর রহমান সামস, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম জানান, সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯১০ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীক নিয়ে সাইফুল ইসলাম ফারুক বিজয়ী হন।

তিনি আরও বলেন, ‘মিরসরাই উপজেলা কৃষকদলের এই কাউন্সিল সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কৃষকদলের ইতিহাসে এটি একটি স্মরণীয় সম্মেলন হিসেবে বিবেচিত হবে বলে আশা করি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত