ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসাই (এমডি) বলেছেন, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং গ্রাহকরা আগামী দিনে আরও ভালো সেবা পাবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
রবিবার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক অংশ নেন। ব্যাংকের চলমান পরিস্থিতি সম্পর্কে গভর্নরকে অবহিত করতেই এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের আলোচনা মূলত ব্যাংকের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম, নগদ অর্থের প্রবাহ, লেনদেন পরিস্থিতি এবং আগামী দিনের অর্থের চাহিদা নিয়ে হয়েছে। ব্যবসার বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি।
তিনি বলেন, আজ আমরা কোন খাতে অর্থ পেয়েছি, কোথায় ব্যয় করেছি, কী পরিমাণ অর্থ উত্তোলন হয়েছে এবং আগামী দিনে কত অর্থের প্রয়োজন হতে পারে, এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
নগদ অর্থ উত্তোলনের বিষয়ে তিনি জানান, গত দুই দিনে ব্যাংক থেকে দৈনিক প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার মতো উত্তোলন হয়েছে। একই সময়ে আমানত জমার পরিমাণও প্রায় কাছাকাছি রয়েছে। তবে আরটিজিএস ও আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে কিছু অর্থ বেরিয়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে।
অনলাইন লেনদেন নিয়ে গ্রাহকদের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ব্যাংকের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ও অভ্যন্তরীণ লেনদেনে কোনো সমস্যা নেই। সেলফিন এবং ব্যাংকের অভ্যন্তরীণ তহবিল স্থানান্তর স্বাভাবিকভাবে চলছে। তবে আন্তঃব্যাংক স্থানান্তরের ক্ষেত্রে পূর্বনির্ধারিত কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা দ্রুত সমাধানের জন্য কাজ করা হচ্ছে।
রেমিট্যান্স সেবা সম্পর্কে তিনি বলেন, রেমিট্যান্স পরিশোধ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকদের বিদেশ থেকে পাঠানো অর্থ যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, আজ যারা সেবা পেয়েছেন, আগামীকাল তারা আরও ভালো সেবা পাবেন। আমাদের সেবার মান প্রতিনিয়ত উন্নত হচ্ছে। আমরা আশা করছি, বিদ্যমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
চেক ক্লিয়ারিং কার্যক্রম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, চেক নিষ্পত্তি ব্যবস্থা চালু রয়েছে এবং এ কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। বৈঠক চলাকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের তারল্য পরিস্থিতি, গ্রাহকসেবা এবং লেনদেন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি ইসলামী ব্যাংকের কিছু শাখায় নগদ অর্থ উত্তোলন ও আন্তঃব্যাংক লেনদেন নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি করছে, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।