দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:৩২ এএম

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়ে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছালে তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন অনাকাঙ্ক্ষিত ও অপমানজনক আচরণের কারণে তিনি ভারতে প্রবেশ না করে ক্ষোভ প্রকাশ করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। 

আজ সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।

এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

রাতেই তিনি তৃতীয় একটি দেশ হয়ে দেশে ফিরে আসার ফ্লাইট ধরেন। সব ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত