কাবার গিলাফে নান্দনিক শিল্পের অপূর্ব সৌন্দর্য

আপডেট : ১৫ জুন ২০২৬, ১১:৪৯ পিএম

নতুন হিজরি বছর ১৪৪৮-এর সূচনায় পবিত্র কাবার কিসওয়া বা গিলাফ পরিবর্তনের ঐতিহাসিক আয়োজনকে ঘিরে ইসলামি শিল্প ও ঐতিহ্যের অনন্য সৌন্দর্য তুলে ধরেছে সৌদি আরবের রয়্যাল ইনস্টিটিউট অব ট্র্যাডিশনাল আর্টস (ওয়ার্থ)। 

বিশেষ এক ডিজিটাল প্রচারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি কিসওয়া তৈরির সঙ্গে জড়িত শতাব্দী প্রাচীন শিল্পকলার বিভিন্ন দিক জনসাধারণের সামনে উপস্থাপন করেছে।

সোমবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কিসওয়া পরিবর্তন অনুষ্ঠান উপলক্ষে পরিচালিত এই প্রচারণায় কাবার গিলাফ তৈরিতে ব্যবহৃত ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলোর নান্দনিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে সোনালি ও রুপালি সুতা দিয়ে পবিত্র কোরআনের আয়াত এবং অলংকারিক নকশা খচিত করার সূচিশিল্পকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

প্রচারাভিযানে আরবি ক্যালিগ্রাফির সুলুস লিপির বিষয়েও আলোকপাত করা হয়। কিসওয়ার ওপর কোরআনের আয়াত লেখার ক্ষেত্রে এই লিপি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর শৈল্পিক সৌন্দর্য এবং বৃহৎ পরিসরে লেখাকে সুস্পষ্টভাবে উপস্থাপনের সক্ষমতার কারণে সুলুস লিপিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়।

ওয়ার্থ তাদের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত শিক্ষামূলক বিষয়বস্তুর মাধ্যমে কিসওয়া নির্মাণের সূক্ষ্ম কারিগরি প্রক্রিয়া ও শিল্পরীতির ব্যাখ্যা তুলে ধরে। এতে দেখানো হয়, কীভাবে সূচিশিল্প কিসওয়ার ক্যালিগ্রাফি ও অলংকারিক উপাদানগুলোকে জীবন্ত করে তোলে।

প্রতিষ্ঠানটি জানায়, আরবি ক্যালিগ্রাফি কিসওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যমান উপাদানগুলোর একটি, যা পবিত্র এই আবরণকে তার স্বতন্ত্র মর্যাদা, সৌন্দর্য ও গাম্ভীর্য প্রদান করে। ফলে কাবার কিসওয়া ইসলামি শিল্প ও ঐতিহ্যেরও এক অনন্য নিদর্শন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত