ছাত্রী হলে মাদককাণ্ড

জাবি দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তারা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ লঙ্ঘন করেছেন। অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে দেশি-বিদেশি যেকোনো ধরনের মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন কিংবা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।

ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তনুজা তিথি ও সানজিদা আমীর ইনিসীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তনুজা তিথির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে হল প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তনুজা তিথির নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত